সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান বদলি অনিয়ম-দুর্নীতির অভিযোগের মধ্যে দাকোপে পদায়ন, বদলি ঠেকাতে তদবিরের অভিযোগ
- আপডেট সময় : 08:48:49 pm, Tuesday, 17 November 2026 68 300 বার পড়া হয়েছে

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান খান চৌধুরীকে অবশেষে বদলি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ, খুলনার পরিচালকের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অবহেলা, ফাইল আটকে রেখে হয়রানি, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা আদেশে (স্মারক নং- ৪৫.৪০.০০০০.০০০.০০১.১৯.০৬৫.২৬-১৮৯৮/১(৭)) এই বদলির নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট আখতারুজ্জামান খান চৌধুরীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনলাইন বেতন-ভাতা সংক্রান্ত নথি, নার্সিং কর্মকর্তাদের বেতন নথি, বিল রেজিস্টার সংরক্ষণ, সিনিয়র ও উচ্চতর স্কেল এবং সিলেকশন গ্রেডের ফাইলসহ কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রতিবছর সংশ্লিষ্ট ফাইল নিয়ে অডিটের মুখোমুখি হওয়া এবং অডিট নিষ্পত্তির দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত ছিল।
তবে এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অনিয়ম, ফাইল আটকে রাখা এবং বিভিন্ন কাজে অবৈধ অর্থ দাবির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় নথিপত্র নিষ্পত্তিতে বিলম্ব করে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা হতো।
সদর হাসপাতালে দায়িত্ব পালনকালেও অভিযোগ
আখতারুজ্জামান খান চৌধুরীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নতুন নয়। এর আগে সাতক্ষীরা সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টার ও অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে রোগীদের কাছ থেকে অর্থ আদায় এবং মেডিকেল সার্টিফিকেট (এমসি) সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে।
সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর দাখিল করা এক লিখিত অভিযোগে ভুক্তভোগী বেবী নাজমীন ও মারুফা সুলতানা অভিযোগ করেন, ২০১৮ সালের ২৮ মে তাঁরা সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। ৩১ মে পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মাথায় আঘাতজনিত সমস্যার চিকিৎসা নেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ৩০ মে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের এক্স-রে করার নির্দেশ দিলে তাঁরা তৎকালীন অফিস সহকারী আক্তারের কাছে যান। এ সময় এক নারীর মাধ্যমে তাঁদের কাছ থেকে ৭০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় এক্স-রে স্লিপ, প্লেট ও ছাড়পত্র দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারী আক্তার হোসেনের কাছে জমা দেওয়া হয়। পরদিন ৩১ মে ছাড়পত্র নিতে গেলে তিনি ছাড়পত্র, স্লিপ ও প্লেট নিয়ে নেন এবং ছাড়পত্রে কাটাকাটি করে তাঁদের হাতে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে এক্স-রে রিপোর্ট ও মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দেওয়ার কথা বলা হলেও বাস্তবে মেডিকেল সার্টিফিকেট ও ছাড়পত্রের তারিখের মধ্যে অসংগতি তৈরি করা হয় এবং তাঁদের এক্স-রে প্লেটও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
বদলি ঠেকাতে তদবিরের অভিযোগ
এদিকে ১৭ নভেম্বর বদলির আদেশ জারির পর তা ঠেকাতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ ও তদবির শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বদলি আদেশ বাতিল অথবা স্থগিত করানোর চেষ্টা চলছে বলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
স্থানীয় সচেতন মহল ও দুর্নীতিবিরোধী নাগরিকদের দাবি, আখতারুজ্জামান খান চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু বদলি করলেই অভিযোগের নিষ্পত্তি হয় না; অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
ছবির ক্যাপশন: বদলি হওয়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারী আখতারুজ্জামান খান চৌধুরী।
































