সাতক্ষীরায় খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, হাবিবের বক্তব্যে মানবতা ও সম্প্রীতির আহ্বান
- আপডেট সময় : 05:28:44 pm, Friday, 13 November 2026 27 300 বার পড়া হয়েছে

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেক্স: সম্প্রীতি, মানবতা ও জনসেবার অঙ্গীকার নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বার্ষিক খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সুলতানপুরস্থ সেন্ট জর্জ গির্জা প্রাঙ্গণের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই।” মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতা উল্লেখ করে তিনি বলেন, ধর্মের প্রকৃত শিক্ষা হলো মানুষকে ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রোজারিও।
এছাড়া উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার ডমিনিক সরকার, সিএসসি; রেভারেন্ড ফাদার লুইজি পাজ্জি, এস.এ.; রেভারেন্ড ফাদার সার্জিও, এস.এ.সহ বিভিন্ন গির্জার ধর্মীয় প্রতিনিধি, ফাদার, সিস্টার, পালক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রেভারেন্ড ফাদার স্বপন বৈরাগী। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পৌল সাহা।
বক্তারা বলেন, একটি সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানবতা ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের মিলনমেলায় পরিণত হয়।























