তালায় আড়াই কোটি টাকার পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রক্সি ঠিকাদারের নিয়ন্ত্রণে কাজ!
- আপডেট সময় : 12:18:53 am, Monday, 16 November 2026 30 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, তালা (সাতক্ষীরা):
সাতক্ষীরার তালা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অধীনে বাস্তবায়নাধীন প্রায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্রে কাজ পাওয়া মূল ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে প্রক্সি ঠিকাদারের মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালনা, কমিশন বাণিজ্য এবং পানির জন্য অনুপযোগী পাইপ ব্যবহারের অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মেল্লেকবাড়ি গ্রামসহ প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৪৮৯ টাকা। কাজটি পায় মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১১ মার্চ ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটি কার্যাদেশ পায় বলে জানা গেছে।
তবে অভিযোগ উঠেছে, কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানটি নিজস্ব ব্যবস্থাপনায় কাজ বাস্তবায়ন না করে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালনা করছে। স্থানীয়দের দাবি, আব্দুর রাজ্জাক প্রক্সি ঠিকাদার হিসেবে পুরো কাজ নিয়ন্ত্রণ করছেন। এ ক্ষেত্রে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
প্রকল্পের কাজের মান নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, নিরাপদ পানির সরবরাহ লাইনে পানির উপযোগী নয়—এমন নন-ফুড গ্রেড পাইপ ব্যবহার করা হচ্ছে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে বলে তাঁরা মনে করছেন। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ব্যবহৃত পাইপের নমুনা পরীক্ষার প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্পের কাজ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আলোচিত আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে তাঁর ম্যানেজার পরিচয়দানকারী জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে সাতক্ষীরা শহরের বাসিন্দা বলে পরিচয় দেন। কাজের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে, প্রকল্পের অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আবুল হাসানাত কাজলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে অনিয়মে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠলেও এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহলের দাবি, প্রকল্পের দরপত্র, কার্যাদেশ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা, ব্যবহৃত পাইপের মান এবং অর্থ ব্যয়ের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিম্নমানের সামগ্রী অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহারের দাবি জানিয়েছেন তাঁরা।
দৈনিক সাতক্ষীরা কণ্ঠ।































