কালীগঞ্জে সন্ধ্যায় বসতবাড়িতে ঢুকে গৃহবধূ ও মেয়ের চোখ-মুখ বেঁধে ডাকাতি থানা থেকে আধা কিলোমিটার দূরে ঘটনা, লুট প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল
- আপডেট সময় : 11:37:03 pm, Tuesday, 17 November 2026 35 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ নিউজ: সাতক্ষীরার কালীগঞ্জে সন্ধ্যায় বসতবাড়িতে ঢুকে গৃহবধূ ও তাঁর মেয়ের চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় আধা কিলোমিটার।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ছনকা গ্রামের নিয়ামুল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়ির প্রধান ফটক খোলা ছিল। সন্ধ্যায় বাড়ির বাইরের বাতি জ্বালাতে রান্নাঘরসংলগ্ন দরজা খোলার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে।
এ সময় বাড়িতে থাকা নিয়ামুল মাস্টারের স্ত্রী রওশন আরা ও তাঁর মেয়ে তাসফিয়ার চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ ১৬ হাজার ৪০৬ টাকা ও তিনটি মুঠোফোনসহ আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী রওশন আরা জানান, তাঁদের বাড়িটি রাস্তার পাশে এবং চারপাশে প্রাচীর থাকায় পাশের বাড়ির লোকজন কোনো শব্দ শুনতে পাননি।
ঘটনার পরপরই কালীগঞ্জ থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মথুরেশপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে এ ধরনের ঘটনা ঘটছে। এতে এলাকাবাসীর মধ্যে চুরি-ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে নিয়ামুল মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
সাতক্ষীরা কণ্ঠ নিউজ।
































