ইজতেমা মাঠ পূর্ণ, সড়ক ও বাড়ির ছাদে জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা
- আপডেট সময় : 06:40:18 pm, Friday, 13 January 2023 267 300 বার পড়া হয়েছে

দৈনিক সাতক্ষীরা কন্ঠঃ
মূল ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পেরে সড়কে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। আজ শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে তুরাগতীর ও আশপাশের সড়ক, অলিগলিতে তখনো মুসল্লিদের হাঁটাচলা। কেউ কেউ খুঁজছিলেন বসার জুতসই জায়গা। এর মধ্যেই মাইকে ঘোষণা এল জুমা নামাজের। মুসল্লিদের মধ্যে শুরু হলো ছোটাছুটি। সবাই ব্যস্ত হয়ে পড়লেন নামাজের জায়গা খুঁজে নিতে। বেলা ১টা ৪৭ মিনিটে শুরু হলো নামাজ। মুসল্লিরা সিজদায় অবনত হলেন। সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতা নেমে এল গোটা এলাকায়।
আজ শুক্রবার দুপুরে টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ঢল নামে। ইজতেমার জামাতের সঙ্গে জুমা নামাজ আদায় করতে আজ সকাল ৭টা থেকেই দলে দলে ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সাধারণ মুসল্লিরা। নামাজের প্রায় দেড় ঘণ্টা আগে থেকেই মুসল্লিদের কেউ ইজতেমা ময়দানে, কেউ সড়কে, কেউবা বাড়ির ছাদে জায়গা করে নেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, জুমা নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের। বেলা দেড়টার দিকে নামাজ শুরুর ঘোষণা এলেও পরে তা শুরু হয় পৌনে দুইটায়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় পুরো ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা। স্থবির হয়ে পড়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।
সরেজমিন দেখা যায়, নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা প্রথমে মূল ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু ভেতরে জায়গা না পেয়ে তাঁরা রাস্তায় অবস্থান করেন। পরে নামাজ শুরুর আগমুহূর্তে তাঁরা ছোটাছুটি করেন। একপর্যায়ে নামাজ আদায় করতে তাঁরা সড়কের ওপরই কাগজ, জায়নামাজ, চট, পাটি ইত্যাদি বিছিয়ে বসে পড়েন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, জুমার নামাজে যোগ দিতে দলে দলে আসছেন মুসল্লিরা ইজতেমার জামাতের সঙ্গে জুমার নামাজে অংশ নিতে মুসল্লিরা দলে দলে আসছেন। আজ শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীতে।
নামাজ শেষে কথা হয় সাভারের আশুলিয়া থেকে আসা মোঃ মৃদুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ইজতেমার জামাতের সঙ্গে নামাজ পড়ার অন্য রকম আনন্দ। তা ছাড়া এবার ৩ বছর পর ইজতেমা হচ্ছে। তাই ভালো লাগাটাও অনেক বেশি। মাঠের ঢুকতে পারেনি, তবু মনে আনন্দ কম না।
ইজতেমা মাঠে জায়গা খালি নেই। তাই নিরুপায় হয়ে অনেকেই সড়কের পাশে অবস্থান নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা–আশুলিয়া মহাসড়কের কামাড়পাড়া এলাকায়।
এর আগে আজ ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। এবার প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি থেকে। শেষ হবে ২২ জানুয়ারি।
সুত্রঃ প্রথম আলো





























