অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা, থানায় সোপর্দ করে কারাগারে পাঠানোর অভিযোগ
- আপডেট সময় : 05:05:27 pm, Friday, 20 November 2026 80 300 বার পড়া হয়েছে

বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মারধর, ক্যামেরা ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সাতক্ষীরা কণ্ঠ নিউজ:
সাতক্ষীরার শ্যামনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও প্রশাসনের অভিযানের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইব্রাহিম খলিলের ওপর হামলা, মারধর, নগদ টাকা ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হলে একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ঘটনাটি বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার বঙ্গবন্ধু সুপার মার্কেট এলাকায় ঘটে।
আটক সাংবাদিক ইব্রাহিম খলিল দৈনিক আলোকিত প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি। তিনি শ্যামনগর থানার বাধঘাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
ইব্রাহিম খলিল জানান, বাবার অসুস্থতার কারণে তিনি বুধবার সকালে বাড়িতে যান। রাত সাড়ে ৯টার দিকে ওষুধ কেনার জন্য বঙ্গবন্ধু সুপার মার্কেটে গেলে আগে থেকে সেখানে অবস্থান করা শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম হাবিবুল্লাহ, জাসাস নেতা রাহানুল ইসলাম, উপজেলা যুবদলের সম্পাদক হাফিজ আল আসাদ কল্লোল, যুবদল নেতা আব্দুল্লাহ, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা নুরুজ্জামান ও বিএনপি নেতা মমিনুর রহমানসহ ১০-১৫ জন তাকে ঘিরে ধরে।
এ সময় তাকে ‘আওয়ামী লীগ করে’ এমন অভিযোগে মারধর করে মব সৃষ্টি করা হয় বলে দাবি করেন তিনি। হামলাকারীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে পানিতে ফেলে দেয় এবং পরে তাকে থানায় সোপর্দ করে বলে অভিযোগ করেন ইব্রাহিম খলিল।
*অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে হামলার অভিযোগ*
অভিযোগ রয়েছে, শ্যামনগরের খোলপেটুয়া ও গলঘেসিয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল একটি চক্র। এ বিষয়ে সাংবাদিক ইব্রাহিম খলিল সংবাদ প্রকাশ করলে উপজেলা প্রশাসন গত ১২ নভেম্বর অভিযান পরিচালনা করে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান পলকের নেতৃত্বে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বালু উত্তোলনের সঙ্গে জড়িত আনিসুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট এলাকায় বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেওয়া হয়।
ইব্রাহিম খলিলের দাবি, অবৈধ বালু উত্তোলনবিরোধী সংবাদ প্রকাশের কারণে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।
*পুলিশের বক্তব্য*
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান সাংবাদিকদের জানান, বিএনপি নেতাকর্মীরা ইব্রাহিম খলিলকে ধরে থানায় সোপর্দ করেন। পরে তাকে শ্যামনগর থানার ৩/৬/২৬ তারিখের ৫ নম্বর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তাকে ধরে থানায় নিয়ে আসার ঘটনার বিষয়ে এর বেশি কিছু জানেন না বলে জানান তিনি।
সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম জানান, আটক ব্যক্তি সাংবাদিক — এ বিষয়টি তার জানা ছিল না। বিএনপি নেতাকর্মীরা তাকে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বলে থানায় সোপর্দ করেছিলেন।
*সাংবাদিকদের প্রতিবাদ ও মুক্তির দাবি*
সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব সৃষ্টি করে আটক ও পুলিশের কাছে সোপর্দ করার ঘটনায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক নেতারা অবিলম্বে ইব্রাহিম খলিলের মুক্তি দাবি করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলা, মারধর, টাকা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।




























