বারাসাত গ্রামে কুখ্যাত সন্ত্রাসী পলাশ গংয়ের তাণ্ডব: ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, নারী-শিশু সহ এলাকাবাসী এলাকা ছাড়া
- আপডেট সময় : 11:26:47 pm, Sunday, 22 June 2025 299 300 বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে কুখ্যাত সন্ত্রাসী পলাশ গংয়ের নৃশংস তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকা। তাদের লাগাতার হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নারী ও শিশু সহ এলাকাবাসী এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি, আহতদের কয়েকজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সন্ত্রাসী পলাশ গংরা শুধু হামলা চালিয়ে ক্ষ্যান্ত হয়নি, বরং ছোট ছোট শিশু ও বাড়ির মহিলাদেরও ভয়ভীতি দেখিয়ে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। তাদের কুপিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগও উঠেছে।
ঘটনার পর বাশার শেখ নামের এক ভুক্তভোগী বাদী হয়ে তেরখাদা থানায় পলাশ সহ ৫১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ০২, তারিখ ১৪/৬/২০২৫। এ বিষয়ে খুলনার পুলিশ সুপার এটিএম মোশারফ হোসেন মামলার করার নির্দেশ দিলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তরা এখনও বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
এদিকে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের রক্ষা করতে পলাশ গংরা ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধেই উল্টো মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, এই গোষ্ঠী দীর্ঘদিন ধরেই খুন, জবরদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
বর্তমান অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভোগা নিরীহ জনগণ মাননীয় ডিআইজি, পুলিশ সুপার, স্বরাষ্ট্র সচিব এবং প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যেন তারা নিরাপদে নিজেদের ঘরে ফিরতে পারেন এবং সন্ত্রাসীদের উপযুক্ত বিচার নিশ্চিত হয়।






























