অবসান হলো দীর্ঘদিনের দুর্ভোগের, কয়রা ও শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ হস্তান্তর
- আপডেট সময় : 12:06:35 am, Thursday, 9 July 2026 142 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ‘গোবরা কমিউনিটি হার্বোরিং (ঘাট)’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় গোবরা ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশে ঘাটটির উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে এবং ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ আধুনিক এই ঘাটটি নির্মাণ করে।
দীর্ঘদিন ধরে গোবরা ঘাটটি জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয়দের প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ও দুর্ভোগের মুখোমুখি হতে হতো। এ সমস্যা সমাধানে কয়রা উপজেলা প্রশাসনের আহ্বানে ফ্রেন্ডশিপ দ্রুত উদ্যোগ গ্রহণ করে। যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, মোট ২৭৬ ফুট দীর্ঘ ঘাটের মধ্যে ফ্রেন্ডশিপ ১৫৬ ফুট কংক্রিট ঢালাইয়ের কাজ সম্পন্ন করে এবং অবশিষ্ট ১২০ ফুট উপজেলা প্রশাসন নির্মাণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ঘাটটির উদ্বোধন ও আনুষ্ঠানিক হস্তান্তর করেন কয়রা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, “গোবরা ঘাটটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগ স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটিয়েছে। এটি শুধু নিরাপদ যাতায়াতই নিশ্চিত করেনি, বরং দুর্যোগপ্রবণ এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী এ কে এম সাখাওয়াত হোসেন। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ফারুকুল ইসলাম।
ঘাটটি চালু হওয়ায় কয়রা ও শ্যামনগর উপজেলার শত শত মানুষের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান, জীবিকা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগটি শুধু একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প নয়; বরং নিরাপদ যোগাযোগ, জীবিকার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এটি একটি সফল ও অনুকরণীয় দৃষ্টান্ত। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ফ্রেন্ডশিপের এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।






























