সুন্দরবনে পৃথক দু’টি অভিযানে ১৩ জেলে আটক
- আপডেট সময় : 02:33:48 am, Thursday, 5 October 2023 289 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে পৃথক দু’টি অভিযানে নয় জেলেকে আটক করেছে বনবিভাগের নোটাবেঁকী টহল ফাঁড়ির সদস্যরা। বুধবার বেলা একটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকীর চামটা ও মঙ্গলবার রাতে কলাগাছিয়ার খলিশাবুনিয়া থেকে তাদের আটক করা হয়।
এসময় সুন্দরবনের নদ-নদীতে ব্যবহার নিষিদ্ধ চরপাটা ও খালপাটা জাল সহ পাঁচটি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলো, কয়রা উপজেলার মহেশরীপুর ইউনিয়নের আব্দুল গফুর সানা, তার ছেলে মিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম গাজী, জয়নাল গাজী, লুৎফর বিশ্বাস, হাবিবুল্লাহ সানা এবং শ্যামনগর উপজেলার নাপিতখালীর রবিউল হাওলাদার, বিল্লাল হোসেন ও চাঁদনীমুখার মোক্তার হোসেন। প্রথমোক্ত ছয় জনকে বুধবার দুপুরের দিকে আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, নোটাবেঁকী টহল ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে বুধবার দুপুর ও মঙ্গলবার রাতে দু’দফায় নয় জন জেলেকে আটক করে।
এছাড়া মঙ্গলবার রাত তিনটার দিকে বুড়িগোয়ালীনি ষ্টেশনের অপর একটি অভিযানে চৌদ্দরশি ব্রিজ এলাকা থেকে দুটি ট্রলারভর্তি ছোট কাঁকড়া সহ চার জেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত প্রায় দুই হাজার কেজি ছোট কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত করার পাশাপাশি ট্রলার দু’টি বাজেয়াপ্ত করা হয়েছে।
বনবিভাগের এ কর্মকর্তা আরও জানান, ছোট কাঁকড়া শিকারের ক্ষেত্রে বিধি নিষেধ থাকা সত্ত্বেও এসব জেলে লুকিয়ে এসব কাঁকড়া শিকার করেছিল। মঙ্গলবার রাতে কাঁকড়া ও মাছ শিকারের সাথে জড়িত আটক সাত জেলেকে সি,আর মামলায় এক লাখ সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে আটক ছয় জেলে ও চারটি নৌকা নিয়ে অভিযানে থাকা দলের সদস্যরা লোকালয়ে ফিরলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




























