আবহাওয়ার খামখেয়ালিপনায় অসুস্থ হচ্ছে দক্ষিণাঞ্চলের শিশুসহ সাধারণ মানুষ
- আপডেট সময় : 06:57:51 pm, Saturday, 21 November 2026 39 300 বার পড়া হয়েছে

সুমন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি: দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রকৃতিতে এখন ঋতু পরিবর্তনের পালাবদল চলছে। দিনে কড়া রোদ আর তীব্র গরম, আর রাত নামতেই হালকা শীত—এমন বৈরী ও অদ্ভুত আবহাওয়া বিরাজ করছে খুলনা বিভাগের অধিকাংশ জেলায়। দিনের বেলা রোদের প্রখরতা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুললেও, সন্ধ্যা গড়ালেই চারপাশ ফুরফুরে আমেজে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে দেখা দিয়েছে বৃষ্টি। আবহাওয়ার এমন বৈচিত্র্যময়তার কারণে শিশুসহ সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে ঠান্ডা ও সর্দির সাথে সাথে জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন। আবার সেই অসুস্থতা দীর্ঘদিনেও ঠিক হচ্ছে না। বর্তমানে দেশে যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে তাতে অনেকেই শারীরিক দূর্বল হয়ে পড়ছেন। মৃত্যু কোলে ঢলে পড়ছেন অনেকেই। হাসপাতালগুলোতে রোগী ভর্তির সাথে সাথে ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এ অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে এবং কড়া রোদের কারণে গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ এতটাই বাড়ে যে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। তবে বিকেল গড়াতেই পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট। হিমেল হাওয়ার ছোঁয়া আর সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডা জাঁকিয়ে বসে। রাত বাড়ার সাথে সাথে শীতের অনুভূতি এতটাই তীব্র হয় যে শেষ রাতে অনেককে হালকা কাঁথা বা চাদর গায়ে জড়াতে হচ্ছে। বৃষ্টি সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় সাধারণ মানুষের জীবনযাত্রায় তৈরি হয়েছে এক ভিন্নধর্মী মিশ্র অভিজ্ঞতা। দিনের বেলা রোদ থেকে বাঁচতে সুতির কাপড়ের সাহায্য নিচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। অন্যদিকে, গরমের কারণে দিনমজুর ও ভ্যানচালকদের পরিশ্রমে বাড়তি কষ্ট যোগ হলেও রাতের আরামদায়ক আবহাওয়া তাদের সেই ক্লান্তি দূর করে দিচ্ছে।
যশোর শহরের রিকশা চালক সালাম গাজী বলেন, “দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে, ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় গায়ে হালকা কাঁথা না দিলে ঠান্ডা লেগে যায়। দারুণ কায়দার আবহাওয়া চলছে।
এব্যাপারে জানতে চাইলে খুলনা শিশু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও তত্ত্বাবধায়ক, এমবিবিএস , ডিসিএইচ(শিশু সাস্থ্য) ডাঃ প্রদীপ দেবনাথ বলেন, দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা সর্দি, কাশি, জ্বর এবং নিউমোনিয়ার মতো বিভিন্ন ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই এ সময় স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
চিকিৎসকদের মতে, আবহাওয়ার পালাবদলের কারণে পোলেন এলার্জি বিস্তার লাভ করে। যার কারণে সাধারণ মানুষ এলার্জিজনিত রোগে আক্রান্ত হন। এছাড়া এই সময়ে ভাইরাসজনিত সমস্যায়ও মানুষ আক্রান্ত হন। এসময়ে বাইরে বের হলে মাক্স ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও বেশি করে হাত ধোঁয়া উচিত।
প্রকৃতির এমন পালাবদলে লেপ-তোশক তৈরির কারিগররাও ব্যস্ত হয়ে পড়েছেন তাদের পুরনো কাজ নিয়ে। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই দক্ষিণ জনপদের মানুষ এখন উপভোগ করছে এই মিষ্টি আমেজ ও দিনের গরমের দারুণ এক মিশ্রণ। আবহাওয়ার ভালো-মন্দের মিশ্রণে অসুস্থতা এড়াতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। শীতের আগমনে লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্তময় জীবনের বাস্তবতা আগামী প্রতিবেদনে তুলে ধরা হবে।


































