শ্যামনগরে দা নিয়ে হামলায় নিহত ১, ভাতিজা আটক
- আপডেট সময় : 05:25:38 pm, Thursday, 15 October 2026 83 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত রমেশ মন্ডল (৩৫) একই গ্রামের শ্রীদাম মন্ডলের ছেলে। নিহত সুধা রানী মধুসূদন মন্ডলের স্ত্রী। পারিবারিক বিরোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ তার মা কমলা রানী (৫০), কাকি সুধা রানী ও চাচাতো ভাই সমীর কুমার (২৮) এর উপর দা দিয়ে হামলা চালায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন। আহত সমীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





























