সাতক্ষীরা সরকারি কলেজ রোডসহ পৌরসভার জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : 04:10:37 pm, Wednesday, 28 December 2022 273 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ সাতক্ষীরা পৌরসভার শহিদ রীমু সরণি (সরকারি কলেজ রোড)-সহ সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা ও প্রথমআলো বন্ধুসভা, সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পৌর ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, সাংবাদিক রঘুনাথ খাঁ, প্রথম আলো বন্ধুসভার সদস্য শাহিন প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবা বঞ্চিত পৌর এলাকার বাসিন্দারা। পৌর এলাকার অধিকাংশ সড়ক জরাজীর্ণ। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার শহিদ রীমু সরণি (সরকারি কলেজ রোড) সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অথচ এই সড়ক দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি কলেজে যেতে হয়। প্রায় প্রতিদিন ২০ হাজার শিক্ষার্থী কলেজে যাওয়াত করে। তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌর মেয়র বার বার প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেন না। সাতক্ষীরা পৌরসভা এলাকায় কোন সুপেয় পানির ব্যবস্থা নেই। পৌর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন। মেয়র-কাউন্সিলরা ভাট বাটোয়ারা নিয়ে এতবেশি ব্যস্ত থাকেন যে পৌরবাসীর উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারে না। বক্তারা অবিলম্বে সাতক্ষীরা পৌরসভার শহিদ রীমু সরণি (সরকারি কলেজ রোড) সড়কসহ সকর জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবি জানান।
























