সাতক্ষীরা খলিষখালী ইউনিয়ন ভূমি অফিসটি জরাজীর্ণ
- আপডেট সময় : 02:07:37 am, Wednesday, 18 October 2023 249 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের একমাত্র ইউনিয়ন ভূমি অফিসটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্তমান দেয়ালের অবস্থা খুবই খারাপ। চারিপাশে দেয়ালটি ফেটে চৌচির হয়ে গেছে। যেকোন মুহূর্তে দেয়াল ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে কর্মকর্তা কর্মচারীরা। আমাদের প্রতিবেদক সরেজমিনে খলিষখালীতে গিয়ে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার আগে এই ভূমি অফিসটি প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা গাজী আব্দুস সাত্তার জানান, বর্তমান অফিসটি যেখানে আছে সেটা একসময় জিতেন্দ্র চ্যাটার্জীর বাড়ি ছিল। সে সময় তারা ভারতে চলে যাওয়ায় ঐ বাড়িটি নিলাম হয়ে যায়। এখন সেই বাড়িটি নেই, তবে সেখানে ছোট একটি ঘরের মধ্যে চলছে ইউনিয়ন ভূমি অফিসের দাপ্তরিক কাজ।
যুবলীগ কর্মী সুজায়েত সানা জানান, বর্তমান যে ছোট ঘরে ভূমি অফিসের কাজকর্ম চলছে। সেটা অত্যন্ত ঝুকিপূর্ণ। এরআগে ও কয়েকবার চুরি হয়েছে। শুধু তাই নয়, একটি টিউওবয়েল তাও তার মাথা চুরি করেছে চোরেরা।
এলাকাবাসি অনেকে জানান, এই অফিস থেকে সরকার বছরে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় করে থাকে। কিন্তু এই অফিসটি উন্নয়ন করে এখানে একটি নতুন ভবন তৈরী করা যায় সে বিষয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই। অত্র অফিসে সেবা নিতে আসা ওমর আলী জানান খলিষখালী ইউনিয়ানে প্রায় ৩০ হাজার লোক বসাবস করে। তাদের জন্য একটি মাত্র ভূমি অফিসটি অত্যান্ত জরাজীর্ন। এখানে একটি নতুন ভবনের খুবই প্রয়োজন। তিনি আরও জানান, দু’জন নায়েব থাকার কথা থাকলেও দীর্ঘদিন একজন নায়েব দিয়ে কাজকর্ম চলছে। অন্য দিকে মাগুরা ইউনিয়ানে একটি সাব অফিস থাকলেও সেখানে দুবছর যাবত কোন নায়েব নেই। যার কারণে একজন নায়েব দিয়ে দু’জায়গায় কাজকর্ম চলছে। ভূমি কর্মকর্তা না থাকায় মাগুরা ইউনিয়নের দাপ্তরিক কাজ স্থবির হয়ে পড়েছে। মাগুরা ইউনিয়নের সাধারণ জনগণ চরম ভোগান্তি পোহাচ্ছে।
এ বিষয়ে বর্তমান দায়িত্বে থাকা ভূমি কর্মকর্তা সুজাউদ্দৌলা জানান, আমি তো নতুন যোগদান করেছি। তবে নতুন ভবনের জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিবে এবং ভবনের কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় জমা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন খলিষখালীবাসি।
























