সজিনা ডাটা পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট সময় : 04:54:02 pm, Sunday, 12 March 2023 421 300 বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে সজিনা ডাটা পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে বিমল ঘোষ (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮ টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের চালতেতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিমল ঘোষ ওরফে পুটে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত সতীন্দ্রনাথ ঘোষ ওরফে ধোনা ঘোষের ছেলে।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বিমল ঘোষ সবজিসহ বিভিন্ন ব্যবসা করতেন। আজ রোববার সকালে তিনি ক্রয়কৃত গাছের সজিনা ডাটা পাড়ার জন্য বিষ্ণুপুরের চালতেতলা এলাকায় যান। গাছে উঠে একটি ডাল আংশিক কাটার পরপরই সেটি পাশ্ববর্তী সঞ্চালন লাইনের বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। গাছের নিচে অবস্থানরত অপর ব্যবসায়ী আবদুল আলিম (২৮) স্থানীয়দের সহায়তায় বিমল ঘোষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তনুশ্রী মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ এবাদ আলী জানান, এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি।






























