শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন এসপি আরেফিন জুয়েল
- আপডেট সময় : 01:32:58 am, Friday, 9 January 2026 276 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম বলেছেন— শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম বলেন— নিজের জীবন উৎসর্গ করে শহীদ ওসমান হাদী আমাদের দেখিয়ে গেছেন কিভাবে দেশ, গণতন্ত্র এবং সুস্থ সংস্কৃতির জন্য কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো তাঁকে ভুলবে না। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব।
তিনি আরও বলেন— খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অসুস্থ সংস্কৃতি থেকে দূরে রাখে। শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মাসুদুর রহমান, পিপিএম।
এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলার মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক সামাজিক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।
উপস্থিত ছাত্রনেতাদের মধ্যে ছিলেন— ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, জেলা ছাত্রদলের এস কে এম আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করছে এবং পুরো আয়োজনজুড়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলা বজায় রাখা হবে। শহীদ ওসমান হাদীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
























