রসুলপুরে সরকারি মুরগি প্রজনন খামারের প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : 09:15:49 pm, Friday, 11 September 2026 254 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেক্স: সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে মাস্টার আলতাব হোসেন মনুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় সাতক্ষীরা সিটি কলেজের বিপরীতে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের সীমানা প্রাচীর ভেঙে ওই জমির একটি অংশ দখলে নেওয়া হয়। পরে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে গত ৬ সেপ্টেম্বর দখল করা অংশের প্রাচীর আবারও ভেঙে দেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে আলতাব হোসেন মনু স্থানীয় কয়েকজন যুবককে দিয়ে সরকারি খামারের সীমানা প্রাচীর ভাঙান। এ কাজে দেড় লাখ টাকা দেওয়ার চুক্তি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রাচীর ভাঙার সময় তাদের ১৫ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তী সময়ে বাকি টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
রসুলপুর গ্রামের সাইফুল নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, সরকারি খামারের প্রাচীর ভেঙে চলাচলের পথ বড় করার কথা বলে আলতাব হোসেন মনু কয়েকজন প্রতিবেশীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়েছেন। পরে প্রাচীর ভেঙে জমির একটি অংশ দখলে নিয়ে সেখানে নতুন করে প্রাচীর নির্মাণ করা হয়। তবে স্থানীয় যুবকদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে তারা দখলকৃত অংশের প্রাচীর ভেঙে আগের অবস্থায় ইট সাজিয়ে দেন।
অভিযোগের বিষয়ে আলতাব হোসেন মনু বলেন, কাগজপত্র দেখে তিনি জানতে পারেন সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের ভেতরে তার জমি রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে সেটি নিতে পারছিলেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় কয়েকজন যুবককে দিয়ে তিনি প্রাচীর ভাঙিয়ে নেন এবং এ জন্য ১৫ হাজার টাকা দেন।
তিনি আরও বলেন, পরে স্থানীয় যুবকরা তার কাছে দেড় লাখ টাকা দাবি করেন। তাদের দাবি অনুযায়ী টাকা দিতে রাজি না হওয়ায় তারা তার দখলে থাকা অংশের প্রাচীর ভেঙে দিয়েছেন।
তবে সরকারি জমি দখল বা সরকারি স্থাপনার সীমানা প্রাচীর ভাঙার অভিযোগের বিষয়ে সাতক্ষীরা সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের কর্মকর্তা অনয় কুমার রায় বলেন, বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অবহিত করছেন। সরকারি জায়গায় কোনো ব্যক্তি প্রাচীর নির্মাণ করতে পারবেন না বলেও জানান তিনি।
এদিকে সরকারি খামারের সীমানা প্রাচীর ভাঙা ও জমি দখলের অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই এখন স্থানীয়দের নজরে।
























