ভালুকা চাঁদপুরে শোকের ছায়া: ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়েরও প্রাণহানি
- আপডেট সময় : 12:19:20 am, Monday, 23 February 2026 273 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়েরও হৃদরোগে (হার্ট অ্যাটাক) মৃত্যুর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় ছোট ভাই আব্দুল গফুর (৫৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) মানসিকভাবে ভেঙে পড়েন। শোক সইতে না পেরে তিনি স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন।
আপন সহোদর দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক ও বেদনার আবহ।
স্থানীয় শিক্ষক আবু ওয়াহিদ বাবলু বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনা সত্যিই বেদনাদায়ক। পবিত্র রমজান মাসে দুই ভাইয়ের এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত।”
রোববার বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যু এলাকাবাসীর মাঝে বিরল ও বেদনাদায়ক দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।


























