নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : 06:13:18 pm, Sunday, 3 May 2026 282 300 বার পড়া হয়েছে

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
নবজীবন নার্সিং ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
নবজীবন নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান তারেকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ সাতক্ষীরার নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সুরাইয়া ইয়াসমিন, নবজীবন নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শামসুল আলম খান চৌধুরী, ডা. অরুণ ব্যানার্জি, নার্সিং ইন্সট্রাক্টর তপতী রানী কুন্ড এবং ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স শিরিন সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুস সালাম বলেন, “নার্সিং পেশার মূল কথা হলো—মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা। এই মহান ব্রত ধারণ করে সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, সাতক্ষীরায় স্বাস্থ্যসেবার উন্নয়নে নবজীবন নার্সিং ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও মানসম্মত সেবা প্রদানে প্রতিষ্ঠানটি সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবজীবন নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান খান, পাবলিক রিলেশন অফিসার মাতিনুল হামিদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম এবং নার্সিং ইন্সট্রাক্টর সৈয়েদা যাহারা।

























