ছেলের বউকে জোরপূর্বক ধর্ষণে অন্তঃসত্ত্বাঃ লম্পট শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা
- আপডেট সময় : 11:32:32 pm, Monday, 13 March 2023 302 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মানসিক ভারসাম্যহীন ও শারীরিক দুর্বল ছেলের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রতিনিয়ত জোরপূর্বক ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় লম্পট শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর বজলুর রহমান সরদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামে। মামলা দায়েরের পর শ্বশুর বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী গৃহবধূ ও তার পিতা জানান, ২০২২ সালের ২৫ জুলাই মানসিক ভারসাম্যহীন এবং শারীরিক দুর্বলতার কথা গোপন রেখে পূর্ব নারায়নপুর গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে মাসুদুর রহমানের সাথে ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে দেয়া হয়। বিয়ের পর হতে শ্বশুর তার ছেলেকে চিকিৎসার নামে রাতে ঘুমের ওষুধ সেবন করিয়ে পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। ধর্ষণের কারণে পুত্রবধূ গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকে শ্বশুর বজলুল রহমান। অবস্থা বেগতিক দেখে ভুক্তভোগী পুত্রবধূ পালিয়ে বাবার বাড়িতে এসে সমস্ত ঘটনা মা-বাবাকে খুলে বলেন।
গত ২৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে শ্বশুরের নামে পিটিশন ৮৯/২৩ ধারায় মামলা দায়ের করে ওই গৃহবধূ। বিজ্ঞ আদালত মামলাটি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে রেকর্ডভুক্ত করার নির্দেশ দেন। গত ১ মার্চ মামলাটি রেকর্ডভুক্ত করেন থানার অফিসার ইনচার্জ। থানার উপপরিদর্শক নকীব আহমেদ পান্নু জানান, আসামি বাড়ি থেকে পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





























