ক্যানসার আক্রান্ত শিশু মোস্তাকিমের পাশে ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাব
- আপডেট সময় : 08:49:48 pm, Saturday, 20 September 2025 679 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্যাপুর গ্রামের পূর্ব পাড়ার লাল্টু সরদারের বড় ছেলে মোঃ মোস্তাকিম হোসেন (৮) দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। এখনো তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে সদ্য গঠিত ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের তরুণ সদস্যরা মানবিক উদ্যোগ গ্রহণ করে শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ সংগ্রহ করে ২০ সেপ্টেম্বর (শনিবার) মোস্তাকিমের পরিবারের হাতে তুলে দেন তারা।
শুধু আর্থিক সহায়তাই নয়, এ ক্লাবের তরুণরা ইতোমধ্যে স্কুলের আশেপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে গ্রামকে পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন। তাদের উদ্যোগে গ্রামবাসীর মধ্যে আশার আলো দেখা দিয়েছে। গ্রামবাসীরা আশা করছেন, তাদের হাত ধরে ফয়জুল্যাপুর একদিন আদর্শ গ্রামে রূপ নেবে।
সহানুভূতির এ মুহূর্তে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোঃ মোস্তাকিম সরদার, সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান বকুল, সাধারণ সম্পাদক মোঃ আবু উবাইদা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন রাহি, অর্থ সম্পাদক মোঃ রাসেল ইসলামসহ সকল সদস্য।


























