কালীগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগের ১২ চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : 04:16:02 pm, Saturday, 12 September 2026 146 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেক্স:সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ১২ জন বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
গত ১৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের বিপরীতে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ২৬ দিন পর গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
সাদপুর গ্রামের মৃত আদম আলী গাজীর ছেলে আফসার আলী গাজী বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি এবং ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪ ও ৫ ধারায় মামলাটি করেন। মামলার নম্বর ৮।
মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল-রাজি টোকন, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এবং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসানকে আসামি করা হয়েছে।
এছাড়া মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, ছাত্রলীগ নেতা মেহেদী, যুবলীগের ভাড়াশিমলা গ্রামের আবু বক্কর ও জাহাঙ্গীর আলম, দাঁদপুর গ্রামের রেজাউল করিম, আসাদুর রহমান, বাগবাটি গ্রামের হাফিজুর রহমান ডোডো, শীতলপুর গ্রামের মোস্তাফিজুর রহমান এবং নীলকন্ঠপুর গ্রামের মজিবুর রহমানের নাম রয়েছে।
এজাহারের বিবরণে বলা হয়েছে, আসামিরা নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, হকিস্টিক, রামদা, ককটেল ও লোহার রড নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের বিপরীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু, একটি সবুজ রঙের প্লাস্টিকের বোতল এবং ১১টি লাঠি উদ্ধার করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
তবে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
























