কালিগঞ্জে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির কর্মশালা
- আপডেট সময় : 12:52:23 pm, Monday, 1 September 2025 244 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে কালিগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কালিগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সাংবাদিক ফোরামের সেক্রেটারি মো. আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন— ইসলামিক টিভির সাবেক জেলা প্রতিনিধি ও দৈনিক সংগ্রামের সাংবাদিক মো. আবু সাঈদ বিশ্বাস, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, দৈনিক আলোর পরশের কৃষি সম্পাদক মাহমুদ হোসেন, নাগরিক ভাবনার প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম, সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি গাজী মিজানুর রহমান ও সহসভাপতি ডা. শরিফুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজে গণমাধ্যম কর্মীদের কাজ শুধু সংবাদ পরিবেশন নয়, বরং তথ্য যাচাই, সত্য উদঘাটন এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করারও দায়িত্ব রয়েছে। এজন্য সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতার প্রতিও অনুগত থাকতে হবে।
কর্মশালায় সংবাদ লেখা, তথ্য যাচাইয়ের কৌশল, ডিজিটাল নিরাপত্তা ও সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।





























