কালিগঞ্জে প্রবাসী শেখ আলমগীরের অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার
- আপডেট সময় : 10:36:15 pm, Thursday, 28 August 2025 333 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির, কালিগঞ্জ প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে প্রবাসীর ব্যক্তিগত অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগে এলাকায় আনন্দের সাড়া পড়েছে। কালিগঞ্জ সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেনের অর্থায়নে, স্থানীয় যুব সংগঠন ‘গড়ুইমহল মানবকল্যাণ যুব সংস্থা’ ও ‘আশার বৃত্ত যুব সংস্থা’র সহায়তায় এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে দূলাবালা–চকপারুয়া–পালতকাটি–টুংগীপুর গ্রামের সংযোগ সড়ক সংস্কার কাজ চলছে।
রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় প্রায় ৩ হাজার মানুষের দৈনন্দিন যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে শুরু হওয়া সংস্কার কাজে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এলাকাবাসী জানান, শেখ আলমগীর হোসেনের এই মানবিক উদ্যোগ শুধু চলাচলের সুবিধাই বাড়াচ্ছে না, বরং প্রবাসীদের দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে স্থানীয় অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হবে।





























