কলারোয়ায় পেট্রোল ঢেলে একই পরিবারের শিশু সন্তানসহ তিনজনকে পুড়িয়ে হত্যার চেষ্টা
- আপডেট সময় : 09:30:58 pm, Sunday, 28 May 2023 285 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার চন্দনপুর গ্রামে আজ ২৮শে মে রবিবার ভোরে ঘরে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। আগুনে পুড়ে স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তান মারাত্মক আহত হয়েছে। মারাত্মক আহত আব্দুল কাদের, স্ত্রী শারমিন খাতুন ও শিশু সন্তান ফতেমাকে ঢাকায় পাঠানো হয়েছে।
কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ানের চেয়ারম্যান ডালিম হোসেন জানান, আগুনের ঝলসে যাওয়া ভ্যান চালক আব্দুল কাদেরের সাথে তার ভগ্নিপতি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের সবুজ হোসেনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হতে পারে। তিনি বলেন, ভগ্নিপতি সবুজ গত রাতে একই এলাকার সোহাগের বাড়িতে ছিল।
রবিবার রাত তিনটার দিকে আব্দুল কাদেরের ঘরে দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। পরে ঘরের দরজার নিচে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সবুজ। তাদের চিৎকারে গ্রামবাসি এসে জানালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে। প্রথমে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, তিন জনের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে।





























