কপোতাক্ষ নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ ব্যক্তি, উদ্ধার অভিযান স্থগিত
- আপডেট সময় : 10:35:53 pm, Tuesday, 6 January 2026 293 300 বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :৮সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদী পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে এবং বর্তমানে তালার মাগুরা এলাকায় বসবাস করছিলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাযোগে নদী পারাপারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। জানা গেছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে ডুবুরি দল নদীতে অনুসন্ধান চালায়। তবে রাত ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ এবং তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আলোর স্বল্পতার কারণে রাতে উদ্ধার কাজ সম্ভব হয়নি। বুধবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
























