আশাশুনি উপজেলায় মাদক-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
- আপডেট সময় : 12:01:45 am, Friday, 27 February 2026 131 300 বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম ও মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক, এস এম হোসেনুজ্জামান, ওমর ছাকি পলাশ, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান, পানি উন্নয়ন বোর্ডের এসও রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।
সভায় এমপি রবিউল বাশার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমস্যা চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, মাদক যুবসমাজ ও সামগ্রিক সামাজিক পরিবেশ ধ্বংস করে দেয়—এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ, ঘের ও বাড়ি দখল বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে নির্বাচনের পর কিছু দ্বন্দ্ব দেখা যাচ্ছে, যা দ্রুত সমাধান প্রয়োজন। জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান তিনি। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি ন্যায় ও সৎ কাজে সহযোগিতা এবং অন্যায় কাজে অসহযোগিতার আহ্বান করেন।
সভায় বুধহাটা বাজার কমিটি গঠন, মাদক-জুয়া প্রতিরোধ, ঘেরের পানির আঘাতে রাস্তা নষ্ট হওয়া, ঘেরের মাছ চুরি, রমজানের সময়কালসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।





























