আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ হাফিজুল গ্রেপ্তার
- আপডেট সময় : 09:20:26 pm, Tuesday, 8 September 2026 155 300 বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফকরাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হাফিজুল ইসলাম ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফকরাবাদ এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে হাফিজুল ইসলাম পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় হাফিজুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
























