অভাবী ইউসূপের শেষ সম্বল ভ্যানসহ মালামাল চুরি, পরিবারটির এখন দিশেহারা অবস্থা
- আপডেট সময় : 08:40:20 pm, Saturday, 4 July 2026 222 300 বার পড়া হয়েছে

মোস্তাকীম হোসাইন, ধুলিহর প্রতিনিধিঃ একটি চুরি, আর তাতেই নিভে গেল একটি অভাবী পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু।
সাতক্ষীরার হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামিয়া মাদ্রাসা জাহানাবাজ, ধুলিহর সংলগ্ন গোলাম মোস্তফা মিস্ত্রির দোকানের ভিতরে রাখা ভ্যানসহ মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী হতদরিদ্র ইউসুফ গোলাম মোস্তফা মিস্ত্রির জামাতা এবং মো. মফিজুল ইসলামের ভগ্নিপতি। একমাত্র প্রতিবন্ধী মেয়ে তানিশাকে নিয়ে কোনরকম বেঁচে আছে তারা।
গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে সাতক্ষীরা সদরের ধুলিহর জাহানাবাজ এলাকার দিন মজুর ইউসুফের উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে। শেষ সম্বল হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা।
ভুক্তভোগী জানান, প্রতিদিনের মতো কঠোর পরিশ্রম শেষে রাতে তিনি তার ভ্যানটি বাড়ির শশুরের দোকানের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু রাতের একটা ভাগে চোরের দল সুকৌশলে তালা ভেঙে একটি ওয়েল্ডিং মেশিন, ভ্যানটিসহ আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। সকালে ঘুম থেকে উঠে ভ্যানটি যথাস্থানে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
চোখের জল মুছতে মুছতে ভুক্তভোগী বলেন, চোরেরা আমার ভ্যান নেয় নাই, আমার কলিজাডা ছিঁড়ে নিয়ে গেছে। এখন ঋণের টাকা শোধ করব ক্যামনে, আর পরিবারের মুখে ভাত দেব ক্যামনে, তা আল্লা ছাড়া কেউ জানে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ব্যক্তি অত্যন্ত অভাবী। কোনো কৃষিজমি বা বিকল্প আয়ের উৎস না থাকায়, চড়া সুদে ঋণ নিয়ে এবং নিজের জমানো শেষ সম্বলটুকু দিয়ে কয়েক মাস আগে এই ভ্যানটি কিনেছিলেন।
এ বিষয়ে স্থানীয় ইউপিশ সদস্য আলমগীর হোসেন মন্টু বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারটি আসলেই খুব অসহায়। চুরির বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, এলাকায় ইদানীং মাদকদ্রব্যের ব্যবসা এবং চোরের উপদ্রব বেড়েছে। এই অভাবী মানুষটির ভ্যানটি উদ্ধার করতে এবং চোর চক্রকে গ্রেপ্তার করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি কোনো সহৃদয়বান ব্যক্তি বা সংস্থা যদি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াত, তবে পরিবারটি নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেত।


























