অভয়নগরে সাংবাদিক আবুল বাশারকে লক্ষ্য করে ককটেল হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা; প্রতিবাদে উত্তাল যশোর
- আপডেট সময় : 08:23:53 pm, Monday, 29 June 2026 123 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:যশোরের অভয়নগরে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর জেলা প্রতিনিধি মো. আবুল বাশারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়েছে। নিক্ষিপ্ত ককটেলটি তার শরীরে আঘাত করলেও বিস্ফোরিত না হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। রোববার (২৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া সংলগ্ন সিরাজকাঠি নুরানী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভয়নগরসহ যশোর জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানাচ্ছে।
আহত সাংবাদিক আবুল বাশার ও স্থানীয় সূত্র জানায়, পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি একটি যাত্রীবাহী ভ্যানে করে নওয়াপাড়া বাজারে ফিরছিলেন। ভ্যানটি সিরাজকাঠি নুরানী মাদ্রাসার সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা ১৫–২০ জনের একটি দল তার দিকে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি তার পিঠে আঘাত করলেও বিস্ফোরিত হয়নি। তবে আকস্মিক হামলায় তিনি চলন্ত ভ্যান থেকে ছিটকে পিচঢালা সড়কে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পড়ে যাওয়ার কারণে তার শরীরে অভ্যন্তরীণ আঘাত লেগেছে এবং তিনি মানসিকভাবেও আঘাতপ্রাপ্ত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার বলেন,
“কোনো ধরনের সতর্কতা ছাড়াই পেছন থেকে আমার দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এটি ভয় দেখানোর ঘটনা নয়, বরং আমাকে হত্যার চেষ্টা বলে আমি মনে করি। আল্লাহর রহমতে ককটেলটি বিস্ফোরিত হয়নি বলেই আমি বেঁচে আছি।”
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ও স্থানীয়রা পাশের একটি ঝোপ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে সেটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয় এবং আলামত সংগ্রহ করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজকাঠি ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। তাদের ধারণা, পেশাগত দায়িত্ব পালনের কারণে বা কোনো অনুসন্ধানী প্রতিবেদনের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কারণ নিশ্চিত করা হয়নি।
সোমবার সকাল থেকে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে আসামি করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। অপরাধী যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সাংবাদিক আবুল বাশারের ওপর হামলার ঘটনায় যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।





























