ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : 12:01:19 am, Thursday, 12 March 2026 230 300 বার পড়া হয়েছে

সাইদুর রহমান (রুবেল মোল্লা), ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ সুমনা বাদশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সুমনা বাদশা শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।
ডা. শাওন আরও জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বাদশা মিয়া (৬৫), আরাফাত (২২) ও আবু বকর সিদ্দিক (১৬) দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের দগ্ধের পরিমাণ কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পৌর এলাকার কিষাণ নগরে বাদশা মিয়ার দোতলা বাড়ির নিচতলার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে ছিল। পরে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।






























