জাতির শোকের দিনে ঐক্যের প্রতিচ্ছবি: বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে জনসমুদ্র
- আপডেট সময় : 09:58:05 pm, Wednesday, 31 December 2025 262 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠডেক্স :বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানী ঢাকায় নেমে আসে মানুষের ঢল। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ শোক ও শ্রদ্ধায় একাত্ম হয়ে অংশ নেন এই আবেগঘন বিদায়ের মুহূর্তে। শোকের এই দিনে জাতির ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তের সাক্ষী হয় দেশবাসী।
সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত এবং দেশের নানা জেলা থেকে দলে দলে মানুষ জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন। রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষক, শ্রমজীবী, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। কারও হাতে ফুল, কারও চোখে অশ্রু, আবার কারও কণ্ঠে নীরব প্রার্থনা—চারপাশজুড়ে বিরাজ করে গভীর শোক ও মানবিক আবেগ।
এই শোকাবহ বিদায়ে বিশেষভাবে নজর কাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃশ্য। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস অনুযায়ী প্রার্থনায় অংশ নেন। অনেকেই বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সকলের নেত্রী; তিনি মানবিক রাজনীতি, সহনশীলতা ও সহাবস্থানে বিশ্বাস করতেন।
খুলনার পাইকগাছা উপজেলার হরি ঢালী ইউনিয়ন বিএনপির নেতা মীর শাফায়েত আলী (শাবান আলী) বলেন,
“তিনি শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন জাতির অভিভাবকের মতো। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
পিরোজপুরের বালিপাড়া থেকে আসা মজিদ শেখ বলেন,
“আমাদের মা আজ আমাদের মাঝে নেই। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।”
একই এলাকার বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি বলেন,
“আপসহীন এই নেত্রীর মৃত্যুতে দেশ এক মহামূল্যবান রত্ন হারালো। এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।”
বাংলাদেশ সম্মিলিত নাগরিক দলের মহাসচিব নুরুল হুদা খান বাবু বলেন,
“এমন একজন নেত্রী আর খুঁজে পাওয়া কঠিন। তাঁর দেখানো পথে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া বলেন,
“মহান এই নেত্রীর মৃত্যুতে গোটা জাতি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তাঁর প্রতিষ্ঠিত গণতন্ত্র রক্ষায় আগামী দিনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
শোকের এই বিশাল সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নেয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের তৎপরতা ও মেডিকেল টিমের প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, দলীয় কার্যালয়সহ বিভিন্ন সড়কে উড়ছে কালো পতাকা। ভোর থেকেই ঢাকার আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।
বিভিন্ন গণমাধ্যমের ধারণা অনুযায়ী, জানাজায় প্রায় ৩০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণ ঘটে। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান, দেশি-বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
এ সময় বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের জন্য দোয়া চান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
“মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছে কোনোভাবে ঋণী হয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তা পরিশোধের ব্যবস্থা করব, ইনশাল্লাহ। তাঁর কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি তাঁর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন,
“আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জীবনের শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।
শেষ বিদায়ের এই বিশাল জনসমাগম আবারও প্রমাণ করে—সংকট ও শোকের মুহূর্তে বাংলাদেশ এখনো ঐক্য, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিতে বিশ্বাসী। প্রিয় নেত্রীর স্মৃতি দীর্ঘদিন জাতিকে এই ঐক্যের বার্তা স্মরণ করিয়ে দেবে।





























