কালিগঞ্জ থানায় ‘পুলিশ ক্লিয়ারেন্স’ বাণিজ্যের অভিযোগ মামলার তথ্য গোপন করে আসামিকে বিদেশ পাঠানোর গুরুতর অভিযোগ
- আপডেট সময় : 02:26:44 pm, Tuesday, 17 February 2026 251 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় ‘পুলিশ ক্লিয়ারেন্স’ বা অপরাধমুক্ত সনদ প্রদানকে কেন্দ্র করে গুরুতর জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। থানার কম্পিউটার অপারেটর পিয়াসের বিরুদ্ধে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে একাধিক মামলার আসামিকে দেশত্যাগের সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। অভিযোগ রয়েছে, মামলার নথি ও জিডি থাকা সত্ত্বেও তথ্য গোপন করে এই ক্লিয়ারেন্স প্রদান করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মদপুর গ্রামের নুর আলী মোল্লার মেয়ে মঞ্জুয়ারা বেগমের নামে আদালতে একাধিক সিআর (CR) মামলা বিচারাধীন থাকা অবস্থায় তিনি ‘পুলিশ ক্লিয়ারেন্স’-এর জন্য আবেদন করেন। গত ৩ জুন ২০২৫ তারিখে আবেদন করার মাত্র দুই সপ্তাহের মধ্যে, ১৭ জুন রহস্যজনকভাবে থানা থেকে ক্লিয়ারেন্স সনদ গ্রহণ করেন তিনি।
মঞ্জুয়ারার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী কাজী আব্দুস সালাম অভিযোগ করেন, আসামি যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারেন—সেজন্য তিনি নিজে কালিগঞ্জ থানায় গিয়ে মামলার সকল নথিপত্র কম্পিউটার অপারেটর পিয়াসের হাতে তুলে দেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ভুক্তভোগী আব্দুস সালাম সাংবাদিকদের জানান,
“আমি নিজে পিয়াসের কাছে গিয়ে মামলার কপি দিয়ে আসি যাতে সে ক্লিয়ারেন্স না পায়। পিয়াস আমার কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ নিয়ে আশ্বাস দিয়েছিল যে সে বিষয়টি আটকে দেবে। কিন্তু পরে জানতে পারি, বড় অংকের টাকার বিনিময়ে কোনো তদন্ত ছাড়াই তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এমনকি এর সাত দিন পর, ২৪ জুন থানায় তার বিরুদ্ধে আরও একটি এফআইআর (FIR) মামলা হয়।”
গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত পিয়াসের মুখোমুখি হলে তিনি প্রথমে ক্লিয়ারেন্স দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে প্রমাণ উপস্থাপন করা হলে তিনি ক্লিয়ারেন্স দেওয়ার কথা স্বীকার করেন। তার দাবি, “অনলাইনে সার্চ দিয়ে আমি কোনো মামলা পাইনি এবং তিনি একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।”
তবে প্রশ্ন উঠেছে—একজন কম্পিউটার অপারেটর কীভাবে তদন্তকারী কর্মকর্তার (IO) ভূমিকা পালন করলেন? ডিএসবি (DSB) ভেরিফিকেশন বা মাঠ পর্যায়ের তদন্ত ছাড়া কীভাবে নিজ সিদ্ধান্তে ছাড়পত্র ইস্যু হলো?
এ ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী কাজী আব্দুস সালাম জানিয়েছেন, পুলিশের সেবাকে কলুষিত করা এবং আসামিকে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগে তিনি সাতক্ষীরা পুলিশ সুপার (SP) ও পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় লিখিত অভিযোগ দাখিল করবেন।
সংশ্লিষ্ট মহলের মতে, একজন কম্পিউটার অপারেটরের হাতে এমন গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ন্ত্রণ এবং অর্থের বিনিময়ে ছাড়পত্র প্রদানের অভিযোগ পুলিশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছে দ্বিতীয় পর্ব। আমাদের সাথেই থাকুন।
























