সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা
- আপডেট সময় : 07:21:09 pm, Wednesday, 4 February 2026 265 300 বার পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে পারুলিয়ায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ডে পারুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে এবং পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“পারুলিয়া বাসস্ট্যান্ডের এই জনসভায় নারী-পুরুষের ঢল প্রমাণ করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা-২ আসনে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত। কোনো ভয়-ভীতি বা প্রলোভন দিয়ে এই গণজোয়ার ঠেকানো যাবে না।”
তিনি আরও বলেন,
“আমি আপনাদের সন্তান। জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। নির্বাচনের বাকি সময়টুকু আপনারা আমার পাশে থাকুন। আমি আপনাদের ভালোবাসার ঋণ উন্নয়ন দিয়ে শোধ করবো।”
তিনি নির্বাচিত হলে অবহেলিত এই জনপদের উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সুন্দরবন টেক্সটাইল মিল চালু করাসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথাও উল্লেখ করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পারুলিয়ার ১৭ জন যুবক বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেন। বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।
জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ধানের শীষের প্রতীক, দলের ব্যানার-ফেস্টুন, প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত টি-শার্ট ও গেঞ্জি নিয়ে অংশগ্রহণ করেন। বিকাল ৩টার আগেই পারুলিয়া বাসস্ট্যান্ড জনসমুদ্রে পরিণত হয়। গগণবিদারী স্লোগানের মধ্য দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।
























