সাতক্ষীরায় ৫ টাকার চা ১০ টাকা নিয়ে বিরোধ ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আহত ১, আটক ১
- আপডেট সময় : 05:17:25 pm, Saturday, 3 October 2026 216 300 বার পড়া হয়েছে

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেক্স:সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা মোড় এলাকায় একটি চায়ের দোকানে চায়ের দাম ৫ টাকা থেকে ১০ টাকা দাবি করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার ঐতিহ্যবাহী রুচিরা বেকারির স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর সঙ্গীতা সিনেমা মোড় এলাকায় যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রাণিসম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউল ইসলামের চায়ের দোকানে কয়েকজন যুবক ও কিশোর যায়। সেখানে চা খাওয়ার পর বিল পরিশোধকে কেন্দ্র করে দোকানে কর্মরত বাপ্পি হাসানের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ৫ টাকার চায়ের দাম ১০ টাকা দাবি করাকে কেন্দ্র করে বাপ্পির সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়।
এ সময় চায়ের দোকানকর্মী বাপ্পিকে রক্ষা করতে এগিয়ে আসেন জাকারিয়া খান। তিনি ঘটনার প্রতিবাদ করলে নাহিদ ইসলাম রনি ও তার সহযোগীদের একজন জাকারিয়াকে ছুরি দিয়ে বুক ও পেটে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকারিয়া ও বাপ্পিকে উদ্ধার করে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে জাকারিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে লাবণী সিনেমা মোড়ের রুচিরা বেকারি থেকে বের হয়ে ইটাগাছায় মামার দোকানে যান জাকারিয়া। সেখান থেকে ফেরার পথে প্রাণিসম্পদ অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানে বাপ্পি হাসানকে কয়েকজনের হাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খান বাদী হয়ে শনিবার সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জাকারিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহতের স্বজনরা জানান, শনিবার বাদ আসর সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়সংলগ্ন বয়েজ হাইস্কুল মাঠে জাকারিয়া খানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।


























