সাতক্ষীরায় বীর প্রতীক মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : 06:43:28 pm, Saturday, 28 December 2024 294 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এসময় তারা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা এগারোটায় সাতক্ষীরা পাওয়ার হাউজের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান অবমাননা লাঞ্ছনার ঘটনা ঘটছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে। আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের দেহে যতটুকু শক্তি সামর্থ আছে আমরা তাই দিয়েই প্রতিরোধ গড়ে তুলবো।
বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, যারা দেশ স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে সরকারের ভূমিকা কী আমরা জানতে চাই।


























