সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : 10:41:51 pm, Friday, 3 July 2026 142 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:দর্শকনন্দিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার ২৩ বছরে এনটিভি নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। পাশাপাশি রুচিশীল অনুষ্ঠানমালার মাধ্যমে দেশের দর্শকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
বক্তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাহ শাহীন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বর্তমান সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মানবজমিনের জেলা প্রতিনিধি এস.এম. বিপ্লব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম. জিন্নাহ এবং এনটিভি অনলাইনের প্রতিনিধি কে.এম. আনিছুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে রয়েল প্লাস কনভেনশন হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।





























