সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ, রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট
- আপডেট সময় : 11:48:14 pm, Wednesday, 22 April 2026 173 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:সাতক্ষীরা পৌর এলাকার রইচপুর উত্তর পাড়া ব্রিজের দুই পাশের দীর্ঘদিনের বেহাল অবস্থা ও জনদুর্ভোগ নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সংগঠনের জেলা ও শহর নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রিজের দুই পাশে মাটি ভরাট করে যাতায়াত উপযোগী করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের সংযোগ সড়কের পাশে সরকারি জমি না থাকা এবং জমি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ হয়নি। ফলে ব্রিজের দুই পাশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই এলাকাটি পানিতে তলিয়ে যায় এবং বছরের প্রায় ছয় মাস জলাবদ্ধতা বিরাজ করে।
এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা। তাদের উৎপাদিত ধান ও মাছ বাজারে নিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হতো। এ পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে সংগঠনটি নিজস্ব উদ্যোগে মাটি ভরাট করে চলাচলের পথ সাময়িকভাবে সুগম করে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, শহর আমির ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, শহর কর্মপরিষদের মাওলানা আমিনুর রহমান, ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৭নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোঃ লিয়াকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ওমর ফারুক বলেন, “রইচপুর উত্তর পাড়া ব্রিজের দুই পাশের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কৃষকেরা তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারছিলেন না। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে দিয়েছি।
আমরা সবসময় গণমানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয় বাসিন্দারা জানান, জমি সংক্রান্ত জটিলতার কারণে সরকারিভাবে দ্রুত সংস্কার সম্ভব হচ্ছে না। তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান। স্থায়ী সংস্কার না হলে এলাকাবাসীকে সারা বছরই দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।


























