সাতক্ষীরায় এনটিভির সাংবাদিককে পিটিয়ে জখম, জমির মালিককে আটকে নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : 12:36:02 am, Tuesday, 31 March 2026 193 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। এতে এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম জুলফিকার আলী জিন্নাহ গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় জমির মালিক মোকসুদার রশিদকে অবৈধভাবে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, খুলনার বানিয়াখামার এলাকার বাসিন্দা মোকসুদার রশিদ তার একটি জমি রেজিস্ট্রির কাজে সহায়তার জন্য সাংবাদিক জিন্নাহকে সঙ্গে নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে যান। অভিযোগ রয়েছে, অফিসে সক্রিয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বাইরে গিয়ে রেজিস্ট্রি করার চেষ্টা করায় ক্ষিপ্ত হয়ে ওঠে একটি চক্র।
ভুক্তভোগীদের দাবি, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ এবং ইত্যাদি মোটরসের মালিক সৈয়দ রেজাউল হোসেন টুটুলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক জিন্নাহ ও জমির মালিককে ‘ভারতীয় নাগরিক’ বলে মিথ্যা অপবাদ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন সুমন জানান, মহিবুল্লাহ, টুটুল, তার ছেলে শিহাব, সাইফুল ও মামুনসহ কয়েকজন অফিসের ভেতরে সাংবাদিক জিন্নাহকে মারধর করে।
আহত সাংবাদিক জিন্নাহ বলেন, “হঠাৎ করেই তারা আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি।”
জমির মালিক মোকসুদার রশিদ বলেন, “আমি বৈধভাবে জমি রেজিস্ট্রি করতে এসেছিলাম। কিন্তু এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। তাদের নিয়ম না মানায় আমাকে একটি কক্ষে আটকে রাখা হয়।”
তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “জিন্নাহ একজন ভারতীয় নাগরিকের জমি রেজিস্ট্রির চেষ্টা করছিল। এ নিয়ে টানাহেঁচড়া হয়েছে।”
স্থানীয় সূত্রগুলো দাবি করছে, সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করতে গেলেই সাধারণ মানুষকে হয়রানি ও সহিংসতার শিকার হতে হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


























