মরণোত্তর ভাতা প্রদান: কলারোয়ায় শ্রমিক কল্যাণে অনন্য উদ্যোগ
- আপডেট সময় : 05:42:01 pm, Friday, 24 April 2026 201 300 বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার:সাতক্ষীরা
“দুনিয়ার মজদুর এক হও” শ্লোগানকে ধারণ করে সাতক্ষীরার কলারোয়ায় মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি শ্রমিক কল্যাণে একটি মানবিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (কেন্দ্রীয়) এর সহ-সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা শ্রমিক ফেডারেশনের বিআরটিও সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের ২০ জন সদস্যের মাঝে মরণোত্তর ভাতা প্রদান করা হয়। বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ তাদের পাশে থাকার একটি বাস্তব প্রতিফলন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তারা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন এনটিভির জেলা প্রতিনিধি কেএম আনিসুর রহমান, আরটিভির উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, জাতীয় দৈনিক অভয়নগর স্টাফ রিপোর্টার মোঃ আবু রায়হান, একুশে নিউজের উপজেলা প্রতিনিধি শেখ মাহমুদুল হাসান, দৈনিক নতুন সূর্যের প্রতিনিধি মোর্তজা হাসান এবং কলারোয়া নিউজের প্রতিনিধি সিয়াম হোসেনসহ অন্যান্যরা।
স্থানীয় পর্যায়ে শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, বরং সংগঠনের প্রতি আস্থা ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






























