প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন সাতক্ষীরার ২৮শ নারী
- আপডেট সময় : 02:17:01 am, Friday, 20 March 2026 155 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমালোচনার মুখে অবশেষে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ হাজার ৮শ নারীর জন্য কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি আসনে ৭০০ পিস করে সিনথেটিক শাড়ি দেওয়া হচ্ছে।
রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব সংসদীয় এলাকাতেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের জন্য পৃথকভাবে বরাদ্দ অনুমোদন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব ত্রাণসামগ্রী জেলায় পৌঁছানোর পর বিতরণ কার্যক্রম শুরু হবে।
এর আগে অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ২১৫টি নির্বাচনী এলাকায় শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বরাদ্দ দেওয়া হলেও তা শুধুমাত্র সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকায় সীমাবদ্ধ ছিল। এতে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
সাতক্ষীরার চার সংসদ সদস্যই বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান। তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল রাষ্ট্রের সকল মানুষের জন্য হলেও বরাদ্দ প্রদানে বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। পরে সমালোচনার প্রেক্ষিতে বিরোধী ও স্বতন্ত্র এমপিদের আসনেও অন্তত শাড়ি বরাদ্দ দেওয়া হয়।
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সমালোচনার পর হলেও বাকি আসনগুলোতে ঈদ উপহার দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। তবে আগে যেখানে একাধিক আইটেম বরাদ্দ ছিল, সেখানে নতুন বরাদ্দে শুধু শাড়ি রাখায় কিছুটা বৈষম্যের ইঙ্গিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়; এটি রাষ্ট্রীয় মানবিক সহায়তা তহবিল। তাই বরাদ্দ প্রদানে রাজনৈতিক বিভাজন না রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা উচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্ত আংশিকভাবে সমালোচনা প্রশমনে ভূমিকা রাখলেও সমান বণ্টনের প্রশ্নটি এখনো আলোচনায় রয়েছে।
























