পরিদর্শনে এসে নিজ হাতে ঝাড়ু: সেবার মানোন্নয়নে কড়া বার্তা এমপি খালেকের
- আপডেট সময় : 12:50:27 am, Wednesday, 4 March 2026 169 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা কণ্ঠ: সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল চত্বরে নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখার আহ্বান জানান।
এর আগে সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপ-পরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন কুমার দাসসহ অন্যরা বক্তব্য দেন।
সভায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিকল ডায়ালাইসিস মেশিন, অচল আইসিইউ বেড, জনবল ও চিকিৎসক সংকট, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং মর্গ স্থানান্তরের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। একে পূর্ণ সক্ষমতায় পরিচালনার জন্য যা যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, জেলার সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি। লক্ষ্য—সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ হাসপাতালে রূপান্তর করা।
পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।


























