জামালপুরে জমি বিরোধে বিধবার বাড়িতে হামলা; আটক ৩
- আপডেট সময় : 12:17:18 am, Tuesday, 13 December 2022 281 300 বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে অসহায় বিধবা সুফিয়া বেগমের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
জামালপুর সদর উপজেলার তারাগঞ্জ বাজারের মৃত সফর উদ্দিন তালুকদারের ৩৪ শতাংশ জমি অবৈধ দখলের পায়তারা করে আসছিলো নরুন্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদ ফারাজী। এরই জের ধরে সোমবার বিকেলে তারাগঞ্জ বাজারের স্থানীয় প্রভাবশালী মোকছেদ ফারাজীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ৬০ বছর বয়সী বিধবা সুফিয়া বেগমের বাড়িতে হামলা করে। এ সময় তারা বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- আনোয়ার ফারাজী(৪০), জমশেদ ফারাজী(৩০), হাফিজুর ফারাজী(২৭)। তারা তিনজনই মোকছেদ ফারাজীর ভাই। এই ঘটনায় মামলা দয়ের প্রক্রিয়াধীন রয়েছে।





























