রবিউস সানি মাস ও ফাতিহায়ে ইয়াজ-দাহম
- আপডেট সময় : 03:00:21 pm, Saturday, 12 November 2022 568 300 বার পড়া হয়েছে

ইসলামি হিজরি সন ও আরবি বর্ষপঞ্জির চতুর্থ মাস ‘রবিউস সানি’। একে ‘রবিউল আখির’ও বলা হয়। এটি ‘রবিউল আউয়াল’ মাসের জোড়া মাস। ‘রবি’ অর্থ বসন্ত ‘আউয়াল’ অর্থ প্রথম, ‘সানি’ অর্থ দ্বিতীয়, ‘আখির’ অর্থ শেষ, অন্য বা ভিন্ন। ‘রবিউস সানি’ অর্থ হলো বসন্তকালের দ্বিতীয় মাস বা অন্য বসন্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমনের মাস, হিজরতের মাস ও তিরোধানের মাস রবিউল আউয়ালের জোড়া মাস হিসেবে রবিউস সানি মাসও বেশ তাৎপর্যমণ্ডিত।
‘রবিউল আউয়াল’ মাসের ১২ তারিখ আখেরি নবী ও সর্বশেষ রাসুল হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাত দিবসকে ‘ফাতিহায়ে দোয়াজ-দাহম’ তথা ১২ তারিখের ফাতিহা পাঠ অনুষ্ঠান বলা হয়। ‘রবিউস সানি’ মাসের ১১ তারিখ বড় পীরখ্যাত আবদুল কাদের জিলানি (রহ.)–এর ওফাত দিবসকে ‘ফাতিহায়ে ইয়াজ-দাহম’ অর্থাৎ ১১ তারিখের ফাতিহা পাঠ অনুষ্ঠান বলা হয়। নামাজ, রোজা ও দরুদ শরিফের মতো ‘ফাতিহায়ে ইয়াজ-দাহম’ ও ‘ফাতিহায়ে দোয়াজ-দাহম’ও ফারসি ভাষা থেকে এসেছে।






























