কয়রার ট্রিপল মার্ডার মামলার আসামিদের নিয়ে ‘ব্যানারহীন’ মানববন্ধন, নেপথ্যে জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : 10:31:23 pm, Tuesday, 5 May 2026 170 300 বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:খুলনার কয়রা উপজেলায় আলোচিত ট্রিপল মার্ডার মামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের অংশগ্রহণে ‘ব্যানারহীন’ মানববন্ধন আয়োজন করে ভুক্তভোগী পরিবারের জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার চার্জশিটভুক্ত আসামিদের সঙ্গে নিয়ে সম্প্রতি একটি মানববন্ধনের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, প্রভাবশালী ফারুক হোসেন মোড়ল ও নৌবাহিনীর সদস্য মোস্তফার নেতৃত্বে এই কর্মসূচি সাজানো হয়, যার মাধ্যমে মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, ভুক্তভোগী মফিজুল ইসলামের জমি দখল ও নির্যাতনের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই এই মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অল্প টাকার বিনিময়ে ভাড়াটে লোক এনে কোনো ব্যানার বা সুনির্দিষ্ট দাবি ছাড়াই এই কর্মসূচি পালন করা হয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই মানববন্ধনে সরাসরি অংশগ্রহণ করেন ২০২১ সালের ট্রিপল মার্ডার মামলার আসামিরা। মামলাটিতে নিহত হন হাবিবুর রহমান, তার স্ত্রী বিউটি খানম ও কন্যা হাবিবা সুলতানা টুনি। অভিযুক্তদের এমন প্রকাশ্য উপস্থিতি ও বাদীর বিরুদ্ধে বক্তব্যে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী মফিজুল ইসলামের অভিযোগ, তার বৈধভাবে ক্রয়কৃত ও রেকর্ডীয় জমির প্রতি নজর পড়েছে স্থানীয় প্রভাবশালী মহলের। তিনি জানান, অভিযুক্ত ফারুক হোসেন মোড়লের ভাই রজত মোড়ল উক্ত ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি। মূলত মামলার প্রভাব খাটিয়ে জমি দখলের উদ্দেশ্যেই এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, অভিযোগ রয়েছে—জমি দখলের অংশ হিসেবে ওই জমিতে ইতোমধ্যে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়। থানায় অভিযোগের পর কাজ বন্ধ হয়ে গেলে ভুক্তভোগীর পরিবারের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
স্থানীয়দের অভিযোগ, নৌবাহিনীর সদস্য হওয়ায় মোস্তফা নিজেকে প্রভাবশালী হিসেবে ব্যবহার করে আসামিদের সহায়তা করছেন। এমনকি আসামিদের পক্ষ থেকে একাধিক মামলা করার হুমকির কথাও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের এই চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন। ভুক্তভোগী পরিবার জানায়, আসামিরা জবানবন্দি দেওয়ার পরও এখন তাদের এলাকা ছাড়া করার জন্য চাপ সৃষ্টি করছে।
এ পরিস্থিতিতে, সাজানো মানববন্ধন ও জমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।





























