জ্বালানি তেলের দাম বাড়ল, লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
- আপডেট সময় : 11:08:34 pm, Saturday, 18 April 2026 351 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে।
নতুন নির্ধারিত দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা করা হয়েছে, অর্থাৎ ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় দাঁড়িয়েছে, যা লিটারপ্রতি ১৮ টাকা বেশি। অকটেনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়ে লিটারপ্রতি ১২০ টাকা থেকে ১৪০ টাকায় উন্নীত হয়েছে, অর্থাৎ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। একইভাবে পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে, যা লিটারপ্রতি ১৯ টাকা বেশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বিশ্ববাজারে চলমান অস্থিরতার প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়বে। পরিবহন খরচ বাড়ায় পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের দামে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি কৃষিখাতে সেচ ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে খাদ্যপণ্যের দামও বাড়ার আশঙ্কা রয়েছে।





























