মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, তেমনি হিন্দু-খ্রিষ্টানরাও নিরাপদ থাকবে: ইজ্জত উল্লাহ
- আপডেট সময় : 07:14:57 pm, Monday, 9 February 2026 151 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনের দলীয় প্রার্থী অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ বলেছেন, তালা-কলারোয়া উপজেলায় সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। “মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, ঠিক সেইভাবে হিন্দু-খ্রিষ্টান ভাইয়েরাও এখানে নিরাপদে বসবাস করতে পারবেন।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ডে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে তালা-কলারোয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত হলে পাঁচ বছরের মধ্যে তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও চাঁদাবাজি-সন্ত্রাস দমনে অগ্রাধিকার দেওয়া হবে।
ইজ্জত উল্লাহ বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাটকেলঘাটা বাজার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে না হয়। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করা হবে এবং মন্ত্রণালয়ের কিছু দায়িত্ব নারীদের দেওয়া হবে।
সাম্প্রতিক একটি হামলার ঘটনার উল্লেখ করে তিনি প্রশাসনের প্রতি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনকে ঘিরে সন্ত্রাস ও কালো টাকার প্রভাব রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার অনুরোধ করেন। একই সঙ্গে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।






























