সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: পাঁচ স্থানে ফাঁকা গুলি, মানবপাচারে জড়িত ৮ জন গ্রেপ্তার
- আপডেট সময় : 11:25:19 pm, Monday, 16 November 2026 45 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে জনবল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি পাঁচটি স্থানে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এ সময় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিয়মিত মোবাইল টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে বিজিবির আভিযানিক দল সীমান্তের পাঁচটি পৃথক স্থানে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। পরিস্থিতি বিবেচনায় তাদের উদ্দেশ্যে কয়েক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়া হয়। পরে সংশ্লিষ্ট স্থান ও আশপাশে তল্লাশি চালিয়ে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিজিবি। রাতের অন্ধকার ও দুর্গম এলাকায় নজরদারির জন্য থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ও ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
#সাতক্ষীরা #বিজিবি #সীমান্ত #৩৩বিজিবি #মানবপাচার


























