সাতক্ষীরায় আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত, অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- আপডেট সময় : 10:14:14 pm, Saturday, 30 May 2026 131 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় প্রতীক। দেশের স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় আলেমগণ দোয়া পরিচালনা করেন। পরে প্রতিবন্ধী, দৃষ্টিহীন ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের হাতে নতুন কাপড় তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ, বিএনপি নেতা ফিরোজ হোসেন খোকন, আনিসুর রহমান, মেম্বার আসাদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, মতিনুর রহমান মাতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান পল্টু।


























