অনুসন্ধানী প্রতিবেদন (পর্ব–১) আশাশুনি বুধহাটা তদন্ত কেন্দ্রে পুলিশের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ
- আপডেট সময় : 12:05:16 am, Sunday, 22 February 2026 268 300 বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত দুই পুলিশ সদস্যের সহযোগিতায় অপহরণ ও পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর লিখিত ও মৌখিক অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কীভাবে ঘটনার সূত্রপাত
অনুসন্ধানে জানা যায়, গোপালগঞ্জ জেলার শাহাবাজ শেখ নামের এক যুবকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে আশাশুনি থানার কুল্লা ইউনিয়নের মাদারবাড়ী গ্রামের বাসিন্দা জলিল সরদারের ছেলে কালুর। অভিযোগ অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে কালু কৌশলে শাহাবাজকে দাওয়াত দিয়ে কুল্লা ইউনিয়নের মাদারবাড়ী এলাকায় নিয়ে আসেন।
পরদিন ২২ অক্টোবর তাকে একটি ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।
পুলিশের সম্পৃক্ততার অভিযোগ
শাহাবাজের অভিযোগ, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাসান ও কনস্টেবল আসাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন চালানো হয়।
পরে বিকাশের মাধ্যমে বিভিন্ন নম্বরে টাকা লেনদেন হয়। অনুসন্ধানে দেখা গেছে, “ডিজিটাল স্টুডিও অ্যান্ড কম্পিউটার” নামে একটি নম্বরে ১ লাখ ৬০ হাজার টাকা পাঠানো হয়েছে। এছাড়া বুধহাটা বাজারের “ভাই ভাই মোবাইল শপ”-এ নগদ ও বিকাশে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে দোকান মালিকরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ভুক্তভোগী নিজেও বলেন, দোকান মালিকরা অপহরণের সঙ্গে জড়িত কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন, তবে লেনদেনের তথ্য তার কাছে সংরক্ষিত আছে।
ভুক্তভোগীর বক্তব্য
শাহাবাজ শেখ বলেন,
“আমি ও আমার বন্ধু মনির বেড়াতে গিয়েছিলাম। পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়। নির্যাতনের মুখে আমি বাড়ি থেকে বিকাশে ৫ লাখ টাকা পাঠাতে বলি এবং একটি সোনার আংটি ও একটি সোনার চেইন দিয়ে প্রাণ নিয়ে ফিরে আসি। সব লেনদেনের তথ্যপ্রমাণ আমার কাছে আছে।”
দায়িত্বে থাকা কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন
অনুসন্ধানে জানা গেছে, তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রহিম ছুটিতে থাকায় সাময়িকভাবে দায়িত্বে ছিলেন এএসআই হাসান। এ সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি অপরাধে জড়িয়েছেন—এমন অভিযোগ উঠেছে।
অভিযুক্ত এএসআই হাসানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কনস্টেবল আসাদ অভিযোগ অস্বীকার করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
পুলিশের প্রতিক্রিয়া
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আরিফিন জুয়েল বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ভুক্তভোগীর কল রেকর্ড, ভিডিও বার্তাসহ একাধিক তথ্যপ্রমাণ সাংবাদিকদের কাছে সংরক্ষিত আছে বলে জানা গেছে।
ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
(চলবে—পর্ব ২-এ থাকছে: টাকার লেনদেনের বিশদ বিশ্লেষণ, সংশ্লিষ্টদের আর্থিক সংযোগ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য)





























