সাতক্ষীরায় মাদক ও সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার
- আপডেট সময় : 09:40:56 pm, Thursday, 1 January 2026 148 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক :সাতক্ষীরা সদর থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে তিনটি মাদক মামলায় চারজন এবং একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর রহমান চৌধুরীর তত্ত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম মোল্লাসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির সহায়তায়—
মোঃ শাহিনুর রহমান (৩০), পিতা- মৃত নুর মোহাম্মদ গাজী, সাং- ভোমরা গাজীপাড়া, থানা ও জেলা- সাতক্ষীরা থেকে ৫ বোতল অবৈধ মদসহ গ্রেফতার করা হয়।
এছাড়া মোঃ আসাদুজ্জামান (৩০) ও মোঃ সালাউদ্দিন (২৪), উভয়ের পিতা- আব্দুস সালাম, সাং- মাহমুদপুর, ভারুখালী, থানা ও জেলা- সাতক্ষীরা থেকে অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স কফ সিরাপ ১৮ বোতলসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে মোঃ সাকিব হোসেন (২২), পিতা- মোঃ সেলিম হোসেন, সাং- আলিপুর (বুলারাটি), থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে ২ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ গ্রেফতার করে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
এছাড়াও একটি সিআর মামলার সাজা ওয়ারেন্টভুক্ত একজন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


























